নিউজ ডেস্ক: আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেছেন, তিনি কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন; তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও বিভিন্ন প্রচারণার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মনের জ্বালায় পয়সা দিয়ে অনেক লেখাই লেখানো যায়। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা—দুটি ভিন্ন জিনিস। এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না।
হুমায়ুন কবির আরও বলেন, আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে—আমি হেঁটে হেঁটে বাংলাদেশে চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।
শেখ হাসিনাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।



