ক্রীড়া ডেস্ক: টানা তিন জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে ভারত। তবে শেষটা ভালো হয়নি তাদের। ঘরের মাঠে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি জিতে নিয়েছে নিউজিল্যান্ড। আজ (১ নভেম্বর) পঞ্চম ও শেষ ম্যাচে কিউইরা জিতেছে ৭ উইকেট ব্যবধানে।
হ্যামিল্টনে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে ভারত। জবাবে ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে কিউইরা। অ্যাডাম মিলনের দারুণ বোলিং এবং টিম সেইফার্টের দুর্দান্ত ব্যাটিংয়ে জিতেছে কিউইরা।
শুরু ও শেষে আগুনে বোলিংয়ে ভারতের স্কোর বড় হতে দেননি অ্যাডাম মিলনে। দুই ওপেনার- অভিষেক শর্মা (১) এবং সাঞ্জু স্যামসনকে (৪) অল্পতেই থামান কিউই পেসার। ইনিংসের শেষ ওভারেও জোড়া আঘাত হানেন তিনি। তুলে নেন নিতিশ কুমার রেড্ডি (৬) এবং ভুবনেশ্বর কুমারের (৬) উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় তিনি শিকার করেন ৪ উইকেট।
তৃতীয় উইকেটে ইশান কিশান এবং শ্রেয়ার আইয়ারের ৯৩ রানের জুটিতে কার্যত ভারতের সংগ্রহ দুইশর কাছাকাছি চলে যায়। কিশান ৩২ বলে ৫টি করে চার-ছক্কায় ৬১ এবং অধিনায়ক আইয়ার ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫০ রান করেন। এছাড়া নামান ধীর ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। মিলনের দিনে ২টি করে উইকেট নেন নাথান স্মিথ এবং ব্লেয়ার টিকনার।
লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের জয়ের কারিগর সেইফার্ট। কিন্তু দুর্ভাগ্য! মাত্র ৭ রানের জন্য প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পাওয়া হয়নি তার। ৫০ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯৩ রান করে নিতিশের শিকার হন কিউই ওপেনার। ম্যাচের ফিনিশিং টানেন গ্লেন ফিলিপস, ৩৮ বলে ৬৫ রান করে। জয়ের মুহূর্তে তার সঙ্গী ছিলেন বেভন জ্যাকবস (১*)।



