নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সদস্য মনোনয়নে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নারীনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
তিনি বলেন, ‘দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম নেত্রীদেরই বাছাই করা হবে।’
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মো. নূরুল ইসলাম।

চিফ হুইপ জানান, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা চাই নারীরা আরও বেশি করে সংসদে আসুক। এতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হবে।’
তিনি আরও বলেন, ‘সংসদ নেতা যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের মধ্য থেকেই মনোনয়ন দেবেন এবং সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’ নারীদের ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
সন্ত্রাসবিরোধী আইন ও বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে।’
তিনি বলেন, ‘যে অপরাধ করবে তার বিচার হবে, আর নির্দোষ কেউ শাস্তি পাবে না। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।’
সংসদে বিল পাসের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ দ্রুত পাসের কাজ চলছে। ইতোমধ্যে ৪৪টি বিল পাস হয়েছে এবং বাকিগুলো অল্প সময়ের মধ্যেই নিষ্পত্তি করার পরিকল্পনা রয়েছে।
জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যরা নিরলস কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘কাজের গতি বজায় রাখতে শুক্রবারও সংসদের অধিবেশন চলবে।’
তিনি আরও বলেন, ‘জনগণ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে তাদের সেবা করার জন্য। তাই সদস্যদের কঠোর পরিশ্রম করাই স্বাভাবিক।’




