নিউজ ডেস্ক: জাতীয় সংসদে সরকারের ব্যাংক ঋণ গ্রহণের উচ্চহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫২ দিনের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক।
তিনি জানান, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। কিন্তু এপ্রিলের শুরুতেই তা ছাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকায় পৌঁছেছে। একই সঙ্গে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ঘাটতির কথাও তুলে ধরেন তিনি। এ অবস্থায় সরকার রাজস্ব বাড়াতে কী পদক্ষেপ নিচ্ছে—সে বিষয়ে তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান।
জবাবে অর্থমন্ত্রী বলেন, এই ঋণের বড় অংশই আগের সরকারের দায়ের ধারাবাহিকতা। বর্তমান সরকার মাত্র দুই মাস আগে দায়িত্ব নিয়েছে, তাই এটিকে তাদের সরাসরি ব্যর্থতা হিসেবে দেখা ঠিক নয়।
তিনি জানান, ভবিষ্যতে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে এবং আগামী বাজেটেই তার প্রতিফলন দেখা যাবে।




