নিউজ ডেস্ক: সাতক্ষীরায় যৌতুকের ২০ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে রড ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার মামলায় রফিকুল ইসলাম নামে পুলিশের সাবেক এক উপপরিদর্শককে (এসআই) ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
রফিকুল ইসলাম কালীগঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ জানান, ২০১৩ সালে সাতক্ষীরার কালীগঞ্জে কর্মরত থাকাকালে তানিয়া আফরিনকে বিয়ে করেন এসআই রফিকুল ইসলাম। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় স্ত্রীর ওপর নির্যাতন চালানো হতো।
সর্বশেষ ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক না পেয়ে রড ও ইট দিয়ে স্ত্রীকে পিটিয়ে তার নাকের হাড় ভেঙে দেন রফিকুল ইসলাম। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তানিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মামলা করার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুটি অভিযোগে মোট ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।



