ক্রীড়া ডেস্ক: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপ শেষ হওয়ার পর বিশ্বকাপের দলসংখ্যা ৬৪-তে উন্নীত করার সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হবে।
তার মতে, বিশ্বকাপ শুধু নির্দিষ্ট কয়েকটি অঞ্চলের জন্য নয়, বরং বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত একটি স্বপ্নের মঞ্চ হওয়া উচিত।
তবে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের ধারণার বিরোধিতাও রয়েছে। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন এই প্রস্তাবকে ‘খারাপ ধারণা’ বলে মন্তব্য করেছেন। এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফার আশঙ্কা, দল বাড়ালে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হয়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। একইভাবে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি মনে করেন, ৬৪ দলের বিশ্বকাপ ফুটবলের সামগ্রিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইনফান্তিনো মনে করেন, প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত ২০২৬ বিশ্বকাপ সফল হয়েছে। উদাহরণ হিসেবে তিনি আফ্রিকার দলগুলোর পারফরম্যান্সের কথা উল্লেখ করেন। তার মতে, এবারের আসরে আফ্রিকার ১০ দলের মধ্যে ৯টি দল নকআউট পর্বে জায়গা করে নিয়েছে, যেখানে আগের বিশ্বকাপে মহাদেশটি থেকে মাত্র পাঁচটি দল অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল।




