পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নির্বাচিত, শপথের সময় আবেগাপ্লুত নতুন আমির
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন এআর হাফিজ উল্লাহ। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর নতুন নেতৃত্ব পেল জেলা জামায়াত।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের জেলা জামায়াত কার্যালয়ের সামনে আয়োজিত রুকন সম্মেলন ও শপথ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন আমিরকে শপথবাক্য পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম। শপথ গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন নতুন আমির হাফিজ উল্লাহ।
জেলা জামায়াতের সদ্যবিদায়ী আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম মা’ছুম বলেন, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে মহানগর ও জেলাগুলোতে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদেশে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য লক্ষ্মীপুর জেলা আমির নির্বাচিত হয়েছেন হাফিজ উল্লাহ।
এর আগে বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭৭টি শাখার নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, নতুন আমির এআর হাফিজ উল্লাহ এর আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সদ্যবিদায়ী আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়া টানা ২৩ বছর জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।



