নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের নারীরা। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) খেলতে নামে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৫৪ রান তোলে নেপাল। জবাবে, ৯.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ২৬ রান করেন ফাহমিদা ছোঁয়া।
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের প্রথমদিনে বাংলাদেশ জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। বিজয় দিবসে বাংলার মেয়েরা ২৮ রানের জয় দিয়ে দিনটি স্মরণীয় করে রেখেছে। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলার কিশোরীরা। জবাবে মাত্র ২৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার মেয়েরা। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।



