নিউজ ডেস্ক: ঋণখেলাপিদের প্রণোদনা ঋণ পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। আদালতের স্থগিতাদেশ থাকলে ঋণসংক্রান্ত মামলায় জড়িত বা খেলাপি হিসেবে বিবেচিত গ্রাহকরাও ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় ঋণ গ্রহণ করতে পারবেন। এ সিদ্ধান্তের ফলে ঋণ বিতরণে গতি আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে নিয়ম শিথিলের সিদ্ধান্ত নিয়ে ব্যাংকার ও আর্থিক খাতের বিশ্লেষকদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হয়েছে। সার্কুলার অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন সাধারণভাবে ঋণখেলাপিদের নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করলেও, ঋণসংক্রান্ত মামলা বা রিট আবেদনের কার্যক্রমে আদালতের স্থগিতাদেশ থাকলে সংশ্লিষ্ট গ্রাহক বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার যোগ্য হবেন।
তবে এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ২৯ জুলাই জারি করা নির্দেশনার অন্যান্য শর্ত বহাল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, ঋণখেলাপির জটিলতায় অনেক বন্ধ কারখানাকে ব্যাংকগুলো নতুন ঋণ দিতে পারছিল না। নতুন নির্দেশনার ফলে ব্যবসায়ীরা প্রণোদনা তহবিল পাওয়ার সুযোগ পাবেন, ঋণ বিতরণ দ্রুত হবে এবং শিল্প ও বাণিজ্যে তারল্য বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে ব্যাংকার ও আর্থিক খাতের বিশ্লেষকদের একাংশ এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁদের মতে, ঋণখেলাপিদের নতুন ঋণ পাওয়ার সুযোগ দেওয়া ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও ঋণ আদায়ের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
চলতি বছরের মে মাসে বেসরকারি খাতকে সহায়তা, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এই তহবিল থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের এক-পঞ্চমাংশ।
কর্মসূচির আওতায় রয়েছে ১৫টি বিশেষ স্কিম। বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান পুনরুজ্জীবন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কার্যকরী মূলধন, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, রপ্তানি বহুমুখীকরণ, প্রি-শিপমেন্ট ঋণ, পরিবেশবান্ধব শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য এবং হিমায়িত খাদ্য রপ্তানিতে সহায়তা দেওয়া হবে।-
এ ছাড়া উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার তহবিল রয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, বিদেশে কর্মসংস্থান, বেকার যুবকদের কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডেও সহায়তা দেওয়া হবে।