ইসরায়েলি বর্বর হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে ৬১ হাজার ৯৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় ৪৭টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ২২৬ জন আহত হয়েছেন। যার ফলে ইসরাইল হামলায় আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ১৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১৩২ জনেরও বেশি আহত হয়েছে। যার ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৯৩৮ জনে দাঁড়িয়েছে এবং আরও ১৪ হাজার ৪২০ জন আহত হয়েছে।
ফিলিস্তিনি মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় উপত্যকায় অপুষ্টি ও অনাহারে আরও সাতজন ফিলিস্তিনি মারা গেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৫৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১০ জন শিশু।
গত ২ মার্চ থেকে ইসরাইলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। যার ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
ঢাকা নিউজ/এস



