নিউজ ডেস্ক : বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলে ২ হাজার ৫৭৯ জন এবং কলেজের ৬২৭ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকদের মধ্যে সবাই অনলাইনে আবেদন করেছেন। এছাড়া ২ হাজার ৮৪২ জনকে উচ্চতর স্কেল ও ১৩০ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর রোববার (১২ জানুয়ারি) জানুয়ারি মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা প্রফেসর ড. একিউএম শফিউল আজম।
জানা গেছে, স্কুলের ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৩০, চট্টগ্রামের ১২৭, কুমিল্লার ১৪৮, ঢাকার ৭২৬, খুলনার ৩৭৭, ময়মনসিংহের ১৬৪, রাজশাহীর ৬৬৮, রংপুরের ১৭৫ এবং সিলেটের ৬৪ জন তালিকায় রয়েছেন। অপরদিকে কলেজের ৬২৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৫, চট্টগ্রামের ৪৩, কুমিল্লার ৫২, ঢাকার ১০১, খুলনার ৭৭, ময়মনসিংহের ৬৭, রাজশাহীর ৭৬, রংপুরের ১১০ এবং সিলেট অঞ্চলের ৫৬ জন রয়েছেন।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, মাউশি অধিদফতরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদফতরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ২ হাজার ৮৪২ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ২ হাজার ৩৫৯ জন এবং কলেজের ৪৮৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৩১, চট্টগ্রামের ১২৩, কুমিল্লার ৯৭, ঢাকার ৫০২, খুলনার ৪২৫, ময়মনসিংহের ১৪৯, রাজশাহীর ৪৬৯, রংপুরের ১৭৩ এবং সিলেটের ৯০ জন রয়েছেন।
উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৯, চট্টগ্রামের ১৭, কুমিল্লার ৪১, ঢাকার ৪৮, খুলনার ২৬, ময়মনসিংহের ৯, রাজশাহীর ২৪৭, রংপুরের ৩৯ ও সিলেট অঞ্চলের ১৭ জন রয়েছেন।
বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ১৩০ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৬, চট্টগ্রামের ৫, কুমিল্লার ৯, ঢাকার ৬৪, খুলনার ১৫, ময়মনসিংহের ৫, রাজশাহীর ১৪, রংপুরের ১১ এবং সিলেট অঞ্চলের ১ জন শিক্ষক রয়েছেন।শিক্ষক



