ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকএক শর্তে হরমুজ প্রণালি খুলবে ইরান

এক শর্তে হরমুজ প্রণালি খুলবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে চলে গেলে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে দেশটি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র অঞ্চলটি না ছাড়লে তাদের বিতাড়িত করা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এ কথা বলেন। খবর সিবিএস নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র অঞ্চলটি ছেড়ে চলে গেলে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। এ অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে একটি সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং বৈশ্বিক অর্থনীতির উন্নতি হবে। তবে যুক্তরাষ্ট্র চলে না গেলে তাদের বিতাড়িত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তবে আকরামিনিয়া ঠিক কোন মার্কিন সেনা বা কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন, তা স্পষ্ট করেননি। তার বক্তব্যে চলমান যুদ্ধে মোতায়েন করা মার্কিন সেনা, মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থানরত সব মার্কিন সামরিক সদস্য, নাকি সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

চলতি মাসের শুরুর দিকে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসার বিষয়ে বিশ্বাসযোগ্য প্রতিবেদন প্রকাশিত হয়। তবে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান এখনো পরস্পরবিরোধী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। অন্যদিকে তেহরান বলছে, ইরানি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই প্রণালি দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারবে না।

এদিকে, গ্রিসভিত্তিক সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিস্কস বৃহস্পতিবার সতর্ক করে জানিয়েছে, জাহাজের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রাখলেও সেগুলো নির্বিচার হামলার ঝুঁকিতে রয়েছে। শনাক্ত হওয়া এড়াতে ইতিমধ্যে অনেক জাহাজ তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular