ক্রীড়া ডেস্ক: হার দিয়ে উয়েফা নেশন্স লিগ শুরু করেছে ইংল্যান্ড। স্পেনের কাছে প্রথম ম্যাচে হেরেছে ৩-২ গোলে। এবার থ্রি লায়ন্সদের সামনে চেক প্রজাতন্ত্র। আজ রাতে ১২টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) মুখোমুখি হবে দুই দল।
প্রথম ম্যাচ হারায় এখনই দলের ‘ডু অর ডাই’ পরিস্থিতি দেখছেন না ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তার ভাষায়, ‘গ্রুপের এই পর্যায়ে ম্যাচটিকে জিততেই হবে- এমন বলা একটু আগেভাগেই হয়ে যায়।
সাধারণভাবে আমরা প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামি এবং দলকে সেভাবেই প্রস্তুত করি। স্পেনের বিপক্ষেও আমাদের লক্ষ্য ছিল জয়, আজও লক্ষ্য সেটিই।’
বিশ্বকাপের গ্রুপ পর্বে সবার শেষে থেকে বিদায় নেওয়ার পর গ্রীষ্মে স্পেনের সান্তি দেনিয়াকে প্রথমবারের মতো বিদেশি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেক প্রজাতন্ত্র। গত শনিবার গ্রুপ এ৩-এর ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে তারা। তবে উন্নতির কিছু লক্ষণ দেখা গেছে তাদের খেলায়।
টুখেল মনে করেন, প্রতিপক্ষের মাঠে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে ইংল্যান্ডকে। তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষকে সম্মান করি, তাদের মানকে সম্মান করি।
প্রাগে ( ম্যাচ ভেন্যু) চেকিয়ার বিপক্ষে খেললে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেটিকেও আমরা সম্মান করি। আমি একই দল মাঠে নামাতে চাই। তবে আমাকে চিকিৎসক, ফিজিও এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে।’
জার্মান এই কোচ আরও বলেন, ‘ক্যাম্প শুরুর আগে আমার মানসিকতা ছিল খুব বেশি পরিবর্তন না আনার। তবে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি আমরা সব সময়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।’
তিন আসরের মধ্যে মাত্র একবার নেশন্স লিগের সেমিফাইনালে উঠতে পেরেছে ইংল্যান্ড। এমনকি ২০২২-২৩ মৌসুমে তাদের দ্বিতীয় স্তরেও নেমে যেতে হয়েছিল।
অন্যদিকে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বশেষ চার ম্যাচের কোনোটিতেই হারেনি চেক প্রজাতন্ত্র। ২০১৯ সালে প্রাগে ইউরো ২০২০ বাছাইপর্বে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল তারা।
তবে সান্তি দেনিয়ার অধীনে গড়ে ওঠা চেক দলের সামনে এবার বড় চ্যালেঞ্জ। এর আগে ২০২৪ অলিম্পিকে স্পেনকে সোনার পদক জিতিয়েছিলেন দেনিয়া।
ইংল্যান্ডকে ‘বিশ্বের অন্যতম সেরা দল’ হিসেবে উল্লেখ করে দেনিয়া বলেন, ‘আমরা নিজেদের উন্নতি এবং পারফরম্যান্স আরও ভালো করার দিকে মনোযোগ দিচ্ছি। পাশাপাশি দলের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ও উন্নত করার দিকে নজর দিচ্ছি।’




