ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের

নিউজ ডেস্ক: এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান অত্যন্ত ভালো। আন্তর্জাতিক পরীক্ষাগারে মান যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে উন্নতমানের এসব ক্যাপসুল দেশে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (২৮ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সরকারের কাছে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে।

তিনি বলেন, সারাদেশে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দিন কোনো শিশু ক্যাপসুল খেতে না পারলে দ্বিতীয় দিন, এরপর পর্যায়ক্রমে চতুর্থ দিন পর্যন্ত তাকে ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান যাচাই শেষে ইউনিসেফের মাধ্যমে এসব ক্যাপসুল দেশে আনা হয়েছে। তাই এর মান নিয়ে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই।

তিনি শিশুদের অন্ধত্ব, হামসহ বিভিন্ন অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular