ক্রীড়া ডেস্ক: সৌরভ গাঙ্গুলি, ভারতের রত্ন। মাঠ থেকে টিভির পর্দা, সবকিছুতেই সফল এক ব্যক্তিত্ব তিনি। ক্রিকেটের ময়দানে উড়িয়েছেন ভারতের পতাকা। ছিলেন নিজ দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক।
ক্রিকেটের স্বার্থে কাজ করেছেন আইসিসির হয়েও। ২২ গজ নিয়ে অনেক ব্যস্ততার মাঝে ‘দাদাগিরি’ টিভি শো’র হোস্টও হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান। এবার দিল্লিতে চলবে গাঙ্গুলির দাদাগিরি।
২০২৭ আইপিএল মৌসুমের জন্য ভারতের সাবেক অধিনায়ককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। দুই মৌসুম দায়িত্ব পালনের পর হেমাং বাদানির জায়গায় দিল্লির কোচের দায়িত্ব নেবেন গাঙ্গুলি।
২০২৫ ও ২০২৬ মৌসুমে বাদানির অধীনে প্লে-অফে উঠতে পারেনি দিল্লি। ২০২৫ সালে পঞ্চম এবং ২০২৬ সালে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছিল দলটি।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে গাঙ্গুলির সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। ২০১৯ সালে দলের উপদেষ্টা হিসেবে ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকায় কাজ করেছেন ভারতের সাবেক অধিনায়ক।
২০২৩ ও ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হিসেবে পুরুষ ও নারী, দুই দলকেই দেখভাল করেছেন গাঙ্গুলি। এর আগে ২০২৫ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এর দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
প্রধান কোচের দায়িত্ব পেয়ে গাঙ্গুলি বলেন, ‘আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে আমি মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার হৃদয়ের খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি। বছরের পর বছর ধরে এই দলের সঙ্গে আমার শক্তিশালী সম্পর্ক তৈরি হয়েছে।
মালিকপক্ষ, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাই এই দায়িত্ব আমার জন্য বেশ রোমাঞ্চকর।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলে প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। নতুন মৌসুম, দলটির সঙ্গে কাজ করা এবং একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তোলার অপেক্ষায় আছি।’




