কয়েকটি গাড়ি ও বাড়িতে আগুন দিয়ে এবং বিদেশ থেকে উস্কানি দিয়ে বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি। দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা বন্ধে সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফিরে না এলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামই তাদের প্রতিহত করতে যথেষ্ট।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এ কর্মসূচিতে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন বরিশাল-৩ আসনের জয়নুল আবেদীন।
সংগঠনটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, একটি ফ্যাসিস্ট দল আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। তবে গাড়ি-বাড়ি পুড়িয়ে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আপনাদের নেতা পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছেন; আর আপনারা চলে আসবেন? জাতীয়তাবাদী দলের সৈনিক ও আইনজীবীরা তা কোনোদিন বরদাস্ত করবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এই সরকারকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। আপনারা কয়েকটা গাড়ি পুড়িয়েই সরকারকে হটিয়ে ফেলবেন, যদি ভেবে থাকেন, তাহলে ভুল করবেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বলেন, দেশের মানুষ ও জিয়াউর রহমানের অনুসারীরা জেগে উঠেছে। বিরোধী দলে থাকাকালেও তারা মাথা নত করেনি, এখনো করবে না। তাদের রুখে দেওয়া আমাদের সবার ঈমানী দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ভেদাভেদ ভুলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক আইনজীবী মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল, জামিল আখতার এলাহী, মাহবুবুর রহমান খান, গাজী তৌহিদুল ইসলাম, ব্যারিস্টার আসাদুজ্জামান ও শরীফ ইউ আহমেদসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এতে কয়েকশ আইনজীবী অংশ নেন।



