নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু চক্রকে গ্রেফতার ও বিচারের দাবিতে সোচ্চার হতে বলেছে দলটি।
মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে আজ ভোরে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরাইলের হামলা- আক্রমণকে নৃশংস ও বর্বরোচিত হিসাবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, বেপরোয়া হামলায় গাজায় ৩৫০ এর বেশি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সাত শতাধিক।
তিনি কাপুরুষোচিত এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ হামলা আক্রমণ করে ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে; যা গুরুতর অপরাধের সামিল।
সাইফুল হক বলেন, গাজায় এ পর্যন্ত অর্ধ লক্ষাধিক মানুষ হত্যা ও কয়েক লাখ মানুষ পঙ্গু ও আহত করে যে জঘন্য গণহত্যা সংঘটিত করেছে তার উপযুক্ত বিচার না হওয়ায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে।যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসায় ইসরাইল নতুন করে উৎসাহিত হয়েছে।
তিনি বলেন, গাজায় ইসরাইল একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করে আসছে।এ গণহত্যা ও আগ্রাসন বন্ধে এ পর্যন্ত জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় কিছুই করতে পারেনি।
সাইফুল হক আরও বলেন, এ ঘটনা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পুঁজিবাদী দুনিয়ার গণতন্ত্র ও মানবাধিকারের বুলি চূড়ান্ত তামাশায় পরিণত হয়েছে।
তিনি অনতিবিলম্বে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করতে বিশ্ব সম্প্রদায় ও দুনিয়ার শান্তিকামী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে তিনি গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু চক্রকে গ্রেফতার ও বিচারের জন্যও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিও সংহতি ও একাত্মতা প্রকাশ করেন।



