ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিগাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গাজীপুর প্রতিবেদক: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রায় ৪ ঘণ্টা বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।

এর আগে দুপুর ২টা থেকে শ্রমিকদের অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার অন্তত ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা। পরে আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা একত্রে হয়ে বিক্ষোভে অংশ নেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানায়, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আগের মতো ওভারটাইমের সুযোগও নেই। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়লেও তাদের বেতন বাড়েনি। এ কারণে দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন পোশাক কারখানার শ্রমিকরা।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাকসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

শনিবার দুপুরে টিফিন বিরতির সময় কাজে যোগ না দিয়ে ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। পরে আশপাশের ময়লা-আবর্জনার বস্তা রাস্তায় ফেলে অবরোধ সৃষ্টি করেন তারা। একপর্যায়ে পাশের ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। এতে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুপুর ২টা থেকে অবরোধ শুরু হলে চরম দুর্ভোগে পড়েন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

সাড়ে ৫টার সময় পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা।

সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকায় মহাসড়কের কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আশপাশের ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular