ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ঢাকা–লক্ষ্মীপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহের সময় ইসমাইল হোসেন নামের এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও সাংবাদিক ইসমাইল হোসেনের অভিযোগ, ঢাকা–লক্ষ্মীপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতি, বর্তমান পরিস্থিতি, জনভোগান্তি ও প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করতে তিনি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় যান। এ সময় প্রকল্পের সড়ক উন্নয়নকাজের কারণে উচ্ছেদ হওয়া কয়েকটি দোকানের মালিক তাঁর সংবাদ সংগ্রহে বাধা দেন।
একপর্যায়ে তাঁকে মারধর ও হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন ইসমাইল হোসেন। হামলায় তিনি আহত হন এবং পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী এনামুল হক ফাহাদ, নুর হোসেন অনিক, মোরশেদ আলম, সাব্বির, সিরাত হোসেন ও আজিম হোসেনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানতে চেষ্টা করেও তা পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, সাংবাদিকের ওপর হামলার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকেরা হামলার প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।




