চবি প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আগামী ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চাকসু বিতর্ক উৎসব ২০২৬’। এতে অংশ নেবে ২৪টি দল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে চাকসু কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, উৎসবের প্রথম দিন গ্রুপ পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন হবে সেমিফাইনাল ও ফাইনাল। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে দেশবরেণ্য ও অভিজ্ঞ বিচারকেরা বিচারকার্য পরিচালনা করবেন। অংশগ্রহণকারী বিতার্কিকদের জন্য টি-শার্ট, প্যাড ও কলম এবং সবার জন্য অ্যাপ্রিসিয়েশন ফ্রেমের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ে সুস্থ বিতর্ক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও গঠনমূলক মতপ্রকাশের চর্চা বাড়ানো এ আয়োজনের মূল লক্ষ্য। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান, যুক্তি ও বিশ্লেষণী দক্ষতা তুলে ধরার পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, নির্বাহী সদস্য আদনান শরীফ উপস্থিত ছিলেন।




