চবি করেসপন্ডেন্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৮ দিন আগে কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান আকাশ দাশকে শপথ পড়ান।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বুয়েটের ধর্ষণ ইস্যুতে মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ে তিনি আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করতে পারেননি।
তার বিষয়টি তদন্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করে। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।
পরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাশকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পর আজ চাকসুর কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নেন তিনি।
প্রসঙ্গত গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আকাশ দাশ।




