নিউজ ডেস্ক: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বুধবার এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে মোট আটটি বিদ্যালয় অংশ নেয়। এগুলো হলো ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, হরচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, মানপাশা শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়, প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়, চারুখান ১০ গ্রাম মাধ্যমিক বিদ্যালয়, কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় ও কীর্তিপাশা কমলিকান্ত মাধ্যমিক বিদ্যালয়।
ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত বিতর্ক উৎসবের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের হয়ে বিতর্কে অংশ নেয় অরিত্র বড়াল, অনুষ কীর্তনীয়া, প্রীতম ও তালহা ফেরদৌস। রানার্সআপ হয়েছে হরচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়। এ দলের হয়ে বিতর্কে অংশ নেয় নুসরাত জাহান, আম্বিয়া ইসলাম ও নওশীন নিধি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের তালহা ফেরদৌস।
বিতর্কের বিচারকের দায়িত্ব পালন করেন ঝালকাঠি সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফজলুর রশিদ ও বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মুনিরা আক্তার।
বিতর্ক উৎসব পরিচালনা করেন ঝালকাঠি ডিবেট সোসাইটির সভাপতি সৈয়দ জালিছ মাহমুদ। সময় নির্ধারকের দায়িত্ব পালন করেন ঝালকাঠির বিতর্ক প্রশিক্ষক জিসান খন্দকার। সার্বিক বিষয়ে সহযোগিতা করেন সমকাল সুহৃদ সমাবেশের আহ্বায়ক মো. শাহিন আলম।



