দুর্ঘটনার পর বাস জব্দ, হেলপার আটক
সৈয়দ নূরুল্লাহেল সাদেক, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার সকাল ছয়টার দিকে ঢাকা–বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। বাসের হেলপারকে আটক করা হয়েছে।
নিহত দুজন হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জের ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও ফরিদা বেগম। সকাল ছয়টার দিকে বাসটি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ও এর হেলপারকে আটক করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় বাসের হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




