নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের (জেএসএসএফ) সব কার্যক্রমকে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে।
এনবিআর সম্প্রতি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।
এতে বলা হয়, যেহেতু ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ একটি অলাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠান, সেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন)-এর ধারা ১২৬-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এর সব কার্যক্রমকে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গত ১০ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে শহীদ মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে সাত সদস্যের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।
আদেশে ফাউন্ডেশনের সব প্রকার ক্রয়ের ক্ষেত্রে জোগানদার সেবাকে উৎসে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেয়া হয়েছে।



