নিউজ ডেস্ক: বাংলাদেশে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (এইচইভি) উৎপাদন শিল্প গড়ে তোলার পরিকল্পনা করেছে জাপানের টয়োটা। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন কারখানা স্থাপনের কাজ শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল এ পরিকল্পনার কথা জানায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি। বৈঠকে বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপন, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
টয়োটা জানিয়েছে, বাংলাদেশে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখতে চায় তারা। একই সঙ্গে তরুণদের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
টয়োটা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দেশের সব বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে। এর ফলে রাজধানীর বাইরে বিভিন্ন অঞ্চলে টয়োটার গাড়ি ও সেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী টয়োটা তুশোর বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামো ও অন্যান্য সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
বৈঠকে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। টয়োটা তুশো এসব খাতে বিনিয়োগে আগ্রহী হলে সরকার সহযোগিতা করবে বলে জানান তিনি।-
টয়োটা তুশো করপোরেশনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের অটোমোবাইল শিল্পে স্থানীয় উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর ও দক্ষ জনবল তৈরির নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি হাইব্রিড গাড়ির উৎপাদন দেশের শিল্পায়ন ও বিনিয়োগ খাতেও নতুন মাত্রা যোগ করতে পারে।




