বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে। ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।



