নীলফামারী প্রতিবেদক: নীলফামারীর ডোমারে হরিডারা নদীর ওপর নির্মিত একটি স্লুইসগেট পানির তীব্র চাপে ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।
পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় শত শত বিঘা ফসলি জমিতে চাষাবাদ হুমকির মুখে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২০০ থেকে ৩০০ পরিবারের মানুষ।
রবিবার (২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় স্লুইসগেট সংলগ্ন মৃত আবু সাঈদের স্ত্রী হালিমা বেগমের বসতবাড়ির একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই স্লুইসগেটের মাধ্যমে নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হতো। সকাল থেকে গেটটি ধীরে ধীরে নিচের দিকে বসে যেতে শুরু করে। একপর্যায়ে গেট দিয়ে পানির স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেলে পানির চাপ বেড়ে যায়। পরে স্লুইসগেটের পাশের বাঁধে ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশ করতে শুরু করলে সেখানে ভাঙনের সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই ভাঙন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।




