ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহতের প্রতিবাদে বন্দর নগরী চট্টগ্রামেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দলটির নেতা-কর্মীরা। শুক্রবার রাত ১১টার দিকে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা নগরীর দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নিতে শুরু করেন। দলটির উচ্চতর পরিষদের সদস্য জসীম উদ্দিনের নেতৃত্ব তারা বিক্ষোভ শুরু করেন।
এই কর্মসূচিতে সমর্থন দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর।
রাত পৌনে ১২টায় এক বিজ্ঞপ্তিতে নগর এনসিপির পক্ষ থেকে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং অন্যান্য নেতা-কর্মীদের ওপর যৌথবাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে চট্টগ্রামের দুই নাম্বার গেইট ব্লকেড কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি, চট্টগ্রাম মহানগর পূর্ণ সংহতি জানাচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর দুই নম্বর গেইটে শতাধিক নেতাকর্মী অবস্থান নিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঠা দেখা গেছে। পুলিশ আশেপাশে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। বিক্ষোভের কারণে দুই নম্বর গেইট মোড় গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুরের চেষ্টাও করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘দুই নম্বর গেইট মোড়ে কিছু লোক বিক্ষোভ করেন। তাতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’



