নেত্রকোনা প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আবুল কাশেমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে দুর্গাপুর সদর উপজেলা থেকে দুর্গাপুর পৌরসভার বালিকান্দি এলাকার বাসিন্দা এবং পেশায় মাছ ব্যবসায়ী আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বালিকান্দি এলাকায় ভুক্তভোগী শিশুর বাড়ির পাশে ঘটনাটি ঘটে। রাতের খাবার খেয়ে ওই শিশু বাড়ির পেছন দিকে উচ্ছিষ্ট ফেলতে গেলে আবুল কাশেম তার মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
এ সময় এক নারী ঘটনাটি দেখে ফেললে কাশেম পালিয়ে যায়। লোকলজ্জা ও স্থানীয় কিছু প্রভাবশালীর চাপে শিশুটির পরিবার প্রথমে ঘটনাটি চেপে রাখে। কিন্তু একপর্যায়ে জানাজানি হওয়া শুরু হলে মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা থানায় গিয়ে অভিযোগ করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, শিশুটির বাবার অভিযোগটি মঙ্গলবার বিকেলে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামি কাশেমকে আদালতে সোপর্দ করা হবে।




