ঢাকা  মঙ্গলবার, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী রাজিব

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী রাজিব

নিউজ ডেস্ক: নৌপথে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। এ সময় টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চ চলাচল, ভাড়া আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি বলেন, ‘যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।’

নৌযান পরিচালনাকারী কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, ‘সদরঘাটসহ যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে, যেন যাত্রীরা সহজেই প্রকৃত ভাড়া সম্পর্কে জানতে পারেন এবং কোনো ধরনের বিভ্রান্তি বা হয়রানির শিকার না হন।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘যাত্রীসেবার মান আরও উন্নত করতে হবে। কোনো যাত্রী যাতে হয়রানি, ভোগান্তি বা অপ্রয়োজনীয় বিড়ম্বনার শিকার না হন, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।’ যাত্রীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণেরও নির্দেশ দেন তিনি।

সদরঘাট টার্মিনালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যাত্রীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং টার্মিনালের পরিবেশ উন্নত করার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

এ সময় সদরঘাটের বিদ্যমান অবকাঠামো পর্যালোচনা করে যাত্রীসেবার মান আরও উন্নত করা যায় এবং আধুনিক ও যাত্রীবান্ধব অবকাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

মো. রাজিব আহসান বলেন, যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। পরিদর্শনের সময় তিনি লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবরও নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular