নিউজ ডেস্ক: বিরোধী দলের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ‘পলাতকদের সূত্রে চলছে বিরোধী দল।
তিনি বলেন, আমার মনে হচ্ছে পলাতক সরকার যে সূত্রে দেশ চালিয়েছে, সেই মন্ত্রেই মনে হয় আমাদের যারা বিরোধিতা করছে তারা চলছে। এখনও সে সূত্রে চলছে। আমি কথাগুলো সরাসরি বলছি না।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর জাতিসংঘের সফরের বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফল হয়েছে জানান রুমন।
প্রধানমন্ত্রীর জাতিসংঘের সফর কেন্দ্র করে দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা যখন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখা গেল বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো। আমি ঘটেছে বলব না, আপনারা বুঝে নেবেন।’
এসব ঘটনা নিয়ে প্রথমে অপেক্ষাকৃত কম পরিচিত কিছু অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় উল্লেখ করে তিনি বলেন, পরে স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও অন্যান্য মিডিয়া সেসব সূত্র ধরে খবরগুলো বড় আকারে পরিবেশন করে।
প্রধানমন্ত্রীর সফর শেষে দেশে ফেরার পর তার সাফল্য নিয়ে গণমাধ্যমে আলোচনা ও সংবাদ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময়ও আরেকটি ঘটনা সামনে আসে। ফলে প্রধানমন্ত্রীর সফরের সাফল্যের বদলে গণমাধ্যমের আলোচনা অন্য একটি বিষয়কে ঘিরে আবর্তিত হয়।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের সফলতা ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের অর্জন নিয়ে গণমাধ্যমে আলোচনা হওয়ার কথা থাকলেও, বিভিন্ন ঘটনা সামনে এনে সেই আলোচনা ভিন্ন খাতে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন রুমন।
সরকারকে সহযোগিতা না করে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হলে সফলতা অর্জন কঠিন, এমন উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘একজন মানুষকে যদি সাঁতার কেটে নদী পার হতে বলেন, আর তার হাত-পা বেঁধে দেন, তাহলে সে সাঁতার কেটে নদী পার হতে পারবে না।
আতিকুর রহমান রুমন বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, আমরা সহযোগিতা চাই। বারবার আপনাদের কাছে আহ্বান করছি, আমাদের সহযোগিতা করুন।’ প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুন্দর ও সফল বাংলাদেশ গড়তে চান। আপনারা প্লিজ সহযোগিতা করুন।’




