নিউজ ডেস্ক: রাজধানীর পোস্তগোলায় দুই ট্রাকের সংঘর্ষের মধ্যে পড়ে অটোরিকশা ও মিশুকের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পোস্তগোলা গোলচত্বরের সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) ও মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)। আহত সুভাষ চন্দ্র (৩৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত জাকিরের ছেলে মাহিন হোসেন জানান, দুটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তার দুই পাশে থাকা অটোরিকশা ও মিশুককে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি খাদে পড়ে যায়। পরে পথচারীরা চালকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম জানান, তার স্বামী মিশুক চালাতেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।



