মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ ব্যুরো : জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী। গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটিতে দায়িত্ব পাওয়ার পর তিনি প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা সুরক্ষা, নিরাপদ বৈদেশিক কর্মসংস্থান এবং তাঁদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম হিলালী মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে তাঁর ওপর আস্থা রেখে এ গুরুদায়িত্ব অর্পণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রফিকুল ইসলাম হিলালী বলেন, “আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ বিদেশে কর্মরত অনেক বাংলাদেশিকে নানা ধরনের প্রতিকূলতা, হয়রানি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়। তাঁদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
তিনি বলেন, স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংসদীয় পর্যায়ে আরও নিবিড়ভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা, বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবেন তিনি।
রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে রফিকুল ইসলাম হিলালী বলেন, “প্রবাসীদের ঘামে ভেজা উপার্জনেই সচল রয়েছে জাতীয় অর্থনীতির চাকা। তাঁরা শুধু নিজেদের পরিবারের জন্যই নয়, দেশের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ, বেতন-ভাতা, আইনি সহায়তা ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পাশাপাশি বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন, দক্ষতা কাজে লাগানো এবং দেশে তাঁদের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করাও জরুরি।
নতুন দায়িত্বকে জনগণের প্রতি সেবার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে রফিকুল ইসলাম হিলালী বলেন, “প্রবাসী ভাই-বোনদের কল্যাণে আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাব। তাঁদের সমস্যা সংসদীয় পর্যায়ে তুলে ধরার পাশাপাশি বাস্তবসম্মত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।”
তিনি মহান আল্লাহর কাছে দায়িত্বটি সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সঙ্গে পালন করার তৌফিক কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।
প্রসঙ্গত, জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সংসদীয় নজরদারি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাজের সঙ্গে দেশের বিপুলসংখ্যক প্রবাসী কর্মী ও বৈদেশিক শ্রমবাজারের স্বার্থ সরাসরি সম্পৃক্ত। ফলে কমিটিতে রফিকুল ইসলাম হিলালীর দায়িত্বপ্রাপ্তি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাঁর ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করেছে।




