নাজমুল হোসেন : রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ফুটপাত ও সড়ক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাঁদের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করে সেখানে ব্যবসার সুযোগ দিতে হবে।
বুধবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সড়ক যানবাহন চলাচলের জন্য এবং ফুটপাত পথচারীদের হাঁটার জন্য। কিন্তু সামাজিক শৃঙ্খলার অভাবে ফুটপাত ও সড়কে ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, গ্রাম থেকে রাজধানীতে এসে জীবিকার তাগিদে অনেক মানুষ ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁদের অনেককে বিভিন্ন পর্যায়ে চাঁদা দিতে হয়। এ পরিস্থিতির অবসান ঘটিয়ে নির্ধারিত স্থানে তাঁদের ব্যবসার সুযোগ তৈরি করা প্রয়োজন।
ঢাকা-১৫ আসনের এই সংসদ সদস্য বলেন, নির্বাচনের আগে তাঁরা এ সমস্যার টেকসই ও সমন্বিত সমাধানের কথা বলেছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা করে সেখানে ব্যবসার সুযোগ দেওয়া হলে সিটি করপোরেশনও যৌক্তিক হারে কর পেতে পারে। তবে কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া উচিত নয়।
মিরপুর এলাকায় সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে তিনি দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



