নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে নিজের ব্যবহৃত আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন একটি মসজিদের পেশ ইমাম। বিজ্ঞাপন দেখে মোবাইলটি কিনতে যোগাযোগ করা দুই যুবক তাঁকে মোটরসাইকেলে তুলে নেওয়ার পর মারধর করে আইফোনটি নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নগর বাজার থেকে জোনাইল বাজারের দিকে যাওয়ার পথে কয়েন-জোনাইল আঞ্চলিক সড়কের চরগোবিন্দপুর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সামিউল ইসলাম স্বাধীন (২০) উপজেলার চরগোবিন্দপুর নতুনপাড়া জামে মসজিদের পেশ ইমাম। তিনি বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে আইফোন বিক্রির বিজ্ঞাপন দেখে ঈশ্বরদীর হাসান আলী পরিচয়ে এক যুবক সামিউলের সঙ্গে যোগাযোগ করেন। মঙ্গলবার রাতে তিনি এক বন্ধুকে সঙ্গে নিয়ে নগর বাজারে আসেন। সেখানে তাঁরা আইফোনটি দেখে দরদাম করেন।
পরে ফোনটির মালিকানা অনলাইনে যাচাই করার কথা বলে সামিউলকে তাঁদের মোটরসাইকেলে তুলে নেন ওই দুই যুবক। জোনাইল বাজারের দিকে যাওয়ার পথে চরগোবিন্দপুর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে তাঁকে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয়। এরপর মারধর করে তাঁর কাছ থেকে আইফোনটি নিয়ে তাঁরা চলে যান বলে অভিযোগ করেন সামিউল।
চিকিৎসাধীন সামিউল ইসলাম স্বাধীন বলেন, ফোনটি যাচাই করার কথা বলে ওই দুই যুবক তাঁকে মোটরসাইকেলে করে জোনাইল বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন। চরগোবিন্দপুর এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেল থামিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে মারধর করে আইফোনটি নিয়ে চলে যান তাঁরা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।




