ঢাকা  রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই কাজ করতে হবে: পানিসম্পদমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই কাজ করতে হবে: পানিসম্পদমন্ত্রী

নাজমুল হোসেন : ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এখন থেকেই দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না। আগামী প্রজন্মের জন্য কী রেখে যাওয়া হচ্ছে, তা মাথায় রেখে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার সঙ্গে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি গভীরভাবে জড়িত। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না। শিক্ষা মানুষের চিন্তাশক্তির বিকাশ ঘটায় এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। একই সঙ্গে মানবিক কল্যাণে কী করা প্রয়োজন, সে ধারণাও শিক্ষা থেকে পাওয়া যায়।

তিনি আরও বলেন, নৈতিক শিক্ষা ছাড়া শুধু পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও নৈতিকতার ওপর গুরুত্ব দিতে হবে। স্কাউটের সঙ্গে যুক্তদের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্কাউটের কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, তরুণদের শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক, ধর্মীয়, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন।

তরুণদের মাদক থেকে দূরে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। মাদকের বিস্তার বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে কীভাবে রক্ষা করা যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য তাদের ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাঈন উদ্দিন পাঠানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular