ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ভোলা-নারায়ণগঞ্জ সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন আজ

ভোলা-নারায়ণগঞ্জ সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন আজ

নিউজ ডেস্ক : দ্বীপ জেলা ভোলার সঙ্গে নারায়ণগঞ্জের সরাসরি যোগাযোগ স্থাপনে কাঁচপুর-ইলিশা ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ।

মঙ্গলবার (০8 সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের কাঁচপুর ফেরিঘাটে এ সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত করার লক্ষ্যে গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর-ইলিশা রুটে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়। এ রুটে বর্তমানে বিআইডব্লিউটিসির দুটি ফেরি ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ চলাচল করছে।

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, প্রতিদিন উভয় প্রান্তের ঘাট থেকে একটি করে ফেরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। কাঁচপুর থেকে ভোলা কিংবা ভোলা থেকে কাঁচপুর যেতে একটি ট্রিপে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা।

পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর থেকেই নতুন এ ফেরি সার্ভিস ভোলার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ব্যবসায়ী ও ট্রাকচালকেরা এ রুট ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানিয়েছে সংস্থাটি।

বিআইডব্লিউটিসি বলছে, সরাসরি এ ফেরি যোগাযোগ চালুর ফলে ভোলার মানুষের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়বে। একই সঙ্গে দ্বীপাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ হওয়ায় দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

সংস্থাটি আরও জানায়, নতুন এ সার্ভিস চালুর ফলে বিআইডব্লিউটিসির রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে প্রতিষ্ঠানটিকে ক্রমান্বয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার প্রক্রিয়ায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিআইডব্লিউটিসি ১৯৭২ সালে মহামান্য রাষ্ট্রপতির ২৮ নম্বর আদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংস্থাটি দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে ফেরি সার্ভিস পরিচালনা করছে।

পাশাপাশি ২০২৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ এবং ২০২৬ সালে হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা রুটে উপকূলীয় ফেরি সার্ভিস চালু করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular