নিজস্ব প্রতিবেদক: মণি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের সপ্তম তলার নির্মাণ ও ভবন সংস্কারের প্রথম পর্যায় সমাপ্ত এবং নতুন লিফট সংযোজন উপলক্ষ্যে ২ জানুয়ারি ২০২৫ এক প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।
রাজধানী পলন্টনে ট্রাস্টের উদ্যোগে ভবনের নতুন ছাদে অনুষ্ঠিত সম্মিলনে ট্রাস্টের সদস্য-সমর্থক-শুভানুধ্যায়ী এবং ভবনে ভাড়াটে সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
সকলের মিলনমেলায় অনুষ্ঠানস্থল আনন্দমুখর হয়ে ওঠে। সম্মিলনের শুরুতে ট্রাস্ট সম্পাদক মুকুল চৌধুরী উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও বিশিষ্ট বুদ্ধিজীবী ডা. সারওয়ার আলী, বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, রূপালী ব্যাংকের ডিজিএম এন. এম. আলী ইমাম প্রীতি সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।
ট্রাস্টের সভাপতি শেখর দত্ত তার বক্তব্যে প্রথমেই মণি সিংহ-ফরহাদ এবং তাঁদের সহযোগী নেতা, যারা জাতির মুক্তিসংগ্রামে জীবন নিবেদিত করেছেন, তাঁদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে তিনি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফউদ্দিন মানিকসহ প্রয়াত সকল বোর্ড সদস্য ও সদস্য-শুভানুধ্যায়ী এবং দেশের জন্য শহিদ হয়েছেন তাঁদের স্মৃতি শ্রদ্ধা সহকারে স্মরণ করেন।
তিনি বলেন, তাঁদের স্মৃতি স্মরণীয় করে রাখতেই ট্রাস্ট জন্মের পর থেকে জনকল্যাণে কাজ করে যাচ্ছে। সপ্তম তলার নির্মাণ ও ভবন সংস্কারের প্রথম পর্যায় সমাপ্ত এবং নতুন লিফট সংযোজনের সময় ভবন ব্যবহারকারিদের কষ্ট বিশেষত শব্দদুষণ, বালিদুষণ প্রভৃতি সহ্য করার জন্য সমবেত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মর্মবাণী আমাদের চির পথেয়। একে ধারণ করেই আমাদের জনসেবামূলক কাজ অগ্রসর হচ্ছে এবং কাজকে আরো বেগবান করতে হবে।
সম্মিলনে ট্রাস্টের সমাজ বিকাশ সংস্কৃতি কেন্দ্রের সংগীত শিক্ষকরা সংগীত পরিবেশন করেন। সম্মিলন শেষে তীব্র শীতের সন্ধ্যায় উপস্থিত সকলে মিলে পিঠা উৎসবে সামিল হয়। সকলের মধ্যে ট্রাস্টের ক্যালেন্ডার বিতরণের ভেতর দিয়ে সম্মিলন সমাপ্ত হয়।



