ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমতলব উত্তরে আবারও বিএনপির কার্যালয়ে আগুন

মতলব উত্তরে আবারও বিএনপির কার্যালয়ে আগুন

৮ দিনের ব্যবধানে দুটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, জড়িতদের শনাক্তের দাবি বিএনপি নেতাদের

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ ও বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে। এর আগে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের একটি ওয়ার্ড কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। গভীর রাতে দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আইনজীবী মফিজুল ইসলাম বলেন, শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা করা হলে এর পরিণতি ভয়াবহ হবে। ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও পলাতক নন, এমন কিছু নেতাকর্মী আবারও মাথাচাড়া দিয়ে উঠছেন বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই মাসে দুটি দলীয় কার্যালয়ে আগুনের ঘটনায় মতলব উত্তরের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular