ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলারামগতির আকবর রিদন এখন জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের কোচ

রামগতির আকবর রিদন এখন জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের কোচ

ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যাল ফুটবলে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে, গর্বিত লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গন

ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির কৃতী সন্তান ও সাবেক ফুটবলার আকবর হোসেন রিদন এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের প্রধান কোচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভেলপমেন্ট কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টে দেশের উদীয়মান ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর এ দায়িত্ব পালনে গর্বিত রামগতি ও লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনের মানুষ।

আকবর হোসেন রিদন তৃণমূল পর্যায় থেকে উঠে আসা তরুণ ফুটবলারদের দক্ষতা ও সামর্থ্য বিকাশে কাজ করছেন। নিয়মিত অনুশীলনে খেলোয়াড়দের কৌশলগত অবস্থান, বল নিয়ন্ত্রণ ও পাসিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। শৃঙ্খলাবদ্ধ প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার উপযোগী দল গড়ে তোলার চেষ্টা করছেন এই কোচ।

জাতীয় পর্যায়ে ফুটবলে তাঁর অবদান নিয়ে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। স্থানীয় ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা ও আধুনিক প্রশিক্ষণপদ্ধতি কাজে লাগিয়ে অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়েরা ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

নিজের লক্ষ্য সম্পর্কে আকবর হোসেন রিদন বলেন, তৃণমূল থেকে উঠে আসা তরুণ ফুটবলারদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিচর্যা ও নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলে তাঁদের মধ্য থেকেই একদিন জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে।

তরুণ ফুটবলারদের দক্ষতা উন্নয়ন এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ে তোলার এ প্রচেষ্টায় রামগতির সন্তান আকবর হোসেন রিদনের ভূমিকা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular