ঢাকা থেকে আসা বাস থেকে তুলে নেওয়ার পর রাতে স্কুলমাঠ থেকে উদ্ধার; পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছেন অন্য অভিযুক্তরা
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন ওরফে ভিপি হেলালকে অপহরণের অভিযোগে জামাল হোসেন নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জেলা শহরের উত্তর তেহমুনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে হেলালকে উদ্ধার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) বিকেল তিনটার দিকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
উদ্ধার হওয়া মেজবাহ উদ্দিন হেলাল রামগতি উপজেলা যুবলীগের সভাপতি। তিনি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। আটক জামাল হোসেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।
পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী ইকোনো বাস লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি দল সেখান থেকে হেলালকে তুলে নিয়ে যায়। এ সময় তাঁকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান শুরু করে। পরে উত্তর তেহমুনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে হেলালকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে জামাল হোসেনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য অভিযুক্তরা পালিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, অপহরণের খবর পাওয়ার পর গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে। রাত তিনটার দিকে মেজবাহ উদ্দিন হেলালকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



