নিউজ ডেস্ক : সরবরাহ বাড়ায় শীতকালীন শাক-সবজির দাম বাজারে কমেছে বলে স্বস্তি ফিরেছে ভোক্তাদের। আর বাজারে কমেছে ডিম-মুরগির ও ইলিশ মাছের দামও।
শুক্রবার (২৪ জানুয়ারি) কেরানীগঞ্জের আগানগর এবং রাজধানীর নয়াবাজার ও কারওয়ানবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
মাঘের মাঝামাঝি সময়ে এসে শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারগুলোতে আরও বাড়ছে শীতকালীন শাক-সবজির সরবরাহ। দোকানিরাও এর পসরা সাজিয়ে বসছেন। এতে হাতে গোনা কয়েকটি সবজির দাম স্থিতিশীল থাকলেও কমেছে বেশিরভাগের দাম।
বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ৪০-৫০ টাকা, করলা ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, মুলা ১৫-২০ টাকা, লতি ৬০ টাকা ও পটোল ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ২৫-৩০ টাকা, গাজর ৩০ টাকা, টমেটো ৩০-৪০ টাকা, শিম ২০ টাকা, শালগম ২০ টাকা, মটরশুঁটি ১০০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি ধনেপাতা ২০-৩০ টাকা, পেঁয়াজের কলি ২০-২৫ টাকা, পাতাসহ পেঁয়াজ ৩০, নতুন আলু ২০-২৫ টাকা ও পুরাতন আলু বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকা, ব্রকলি ৩০-৪০ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৪০-৫০ টাকা।
স্থিতিশীল রয়েছে কাঁচা মরিচের দাম। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৬০ টাকায়, আর পাইকারিতে ৪০-৫০ টাকা। এছাড়া বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পুঁইশাক ২০-২৫ টাকা, লাউশাক ৩০ টাকা, মুলাশাক ১০ টাকা, কলমিশাক ১০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ১০ টাকায়।
সবজির দামের নিম্নমুখী প্রবণতায় খুশি ভোক্তারা। তারা জানান, শীতকাল এলেই কিছুটা দাম কমে। কিন্তু সারাবছর সবজির চড়া দামে অস্থির থাকে বাজার। স্বস্তি রাখতে প্রয়োজনে আমদানি করে সরবরাহ বাড়াতে হবে।
কিছুটা অপরিবর্তিত রয়েছে অন্যান্য মাছের দাম। বাজারে প্রতি কেজি রুই ৩৮০ থেকে ৪৫০ টাকা, কাতল ৪০০ থেকে ৪৮০ টাকা, চাষের শিং ৫৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২৪০ থেকে ২৮০ টাকা, কোরাল ৭৫০ থেকে ৮০০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৭০০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২৩০ টাকা ও তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতা ও বিক্রেতা উভয়েরই। ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং করা হয় না। এতে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পান।
বিক্রেতারা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। বাজারে নিয়মিত অভিযান চালালে অসাধুদের দৌরাত্ম্য কমবে।



