নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিকের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭:২৪ মিনিটে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বিন জসিম জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে স্পিডবোটের রক্ষণাবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান ডুবুরি মো. সাদিক।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি টিম যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যা ৭টা ৩ মিনিটে সাদিকের মরদেহ উদ্ধার করা হয়।
মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তার বাবা আশরাফ শেখ এবং মা লিলি বেগম। তিনি বিবাহিত ছিলেন।
২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন সাদিক। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় রাষ্ট্রীয় পদকেও ভূষিত হন তিনি।




