ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ২০ কিলোমিটার যানজট

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ২০ কিলোমিটার যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের বিজয়নগর উপজেলার ৩ টি ইউনিয়ন কে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের সাথে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্দ এলাকাবাসী।

বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচী পালন করে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন ও স্থানীয়রা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনসহ দেশের মোট ৩৯ টি সংসদীয় আসনের সীমানা পুননির্ধারনের সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সীমানা পুনর্বিন্যাস করার আগে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর ও বিজয়নগর) আসনটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ টি ও বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়ন নিয়ে এবং ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনটি সরাইল উপজেলার ৯ টি ও আশুগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিলো।

নতুন গেজেটে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়ন, হরষপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন কে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের সাথে সম্পৃক্ত করা হয়।

ওই তিনটি ইউনিয়ন কে আগের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সাথে রাখার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন বিজয়নগর উপজেলাবাসী। তারা ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনটি পুর্নবহাল রাখার দাবিতে বুধবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বিজয়নগরের তিনটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সাথে পুর্নবহালের দাবিতে গঠিত সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ ইমাম হোসেন বলেন, বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে (হরষপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন) প্রায় ৯৬ হাজার ভোটার আছেন, যা উপজেলার মোট ভোটারের প্রায় অর্ধেক। দুই লক্ষাধিক ভোটার বিশিষ্ট বিজয়নগর উপজেলা একক সংসদীয় আসনের উপযুক্ত হলেও বছরের পর বছর ধরে এটিকে একবার সদর, একবার সরাইল, আবার কখনো নাসিরনগরের সাথে যুক্ত করে আমাদেরকে অবহেলার শিকারে পরিণত করা হচ্ছে। যা বিজয়নগরবাসী কোন ভাবেই মেনে নিবে না।

বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, বলেন আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা সদর আসনে ছিলাম। আমরা সদর আসনে থাকতে চাই। কোন ষড়যন্ত্রই আমাদের দাবিকে উপেক্ষা করতে পারবে না।

শ্রমিক নেতা আবদুল কাদির বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও বিজয়নগরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। নতুন করে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের সাথে আমাদের তিনটি ইউনিয়ন যুক্ত করায় মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। যার কারণে তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছে।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা থেকে সিলেটগামী এবং সিলেট থেকে ঢাকাগামী বিপুল সংখ্যক যানবাহন মহাসড়কের দুইপাশে আটকা পড়েন। এতে ভোগান্তি পোহায় যানবাহনের চালক ও যাত্রীরা।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, আমরা তাদের কে অনুরোধ করেছি, তাদের দাবির বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও উপজেলাবাসীকে অনুরোধ করা হয়েছে। এই অনুরোধের প্রেক্ষিতে দুপুর ১ টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular