চট্টগ্রাম প্রতিবেদক: সন্ত্রাসী ডেভিট ইমন বর্তমানে চট্টগ্রাম কারাগারে রয়েছেন। তার অনুপস্থিতিতে রায়হান চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। রায়হানের বাড়িও রাউজান উপজেলায়।
চাঁদা না পেয়ে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ার
অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাকে ফোনে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ফোনে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’
রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহিদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভূমি ব্যবসায়ী ও বাড়ির মালিকের নাম মো. জাফর। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি বলেন, ‘পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান প্রায় ১০ মাস আগে আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সে সময় আমি চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ভারতে যাই। দেশে ফেরার পর আর কারও সঙ্গে যোগাযোগ করিনি।’
জাফর বলেন, “গত ১১ নভেম্বর আমাকে আবার ফোন করে চাঁদা দাবি করা হয়। কিন্তু রবিবার রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে আমার ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে যে কক্ষে গুলি করা হয়, সেখানে তখন কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। গুলির ঘটনার পর আমাকে ফোনে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস’।”
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, বাড়ির মালিক একজন ভূমি ব্যবসায়ী। তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে তিনি পুলিশকে জানিয়েছেন। রবিবার গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তার ভবন লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীকে থানায় এসে মামলা করতে বলা হয়েছে। তিনি পরিবারের সঙ্গে আলোচনা করে মামলা করতে থানায় আসবেন বলে জানিয়েছেন।



