নিজস্ব প্রতিবেদক : কর্মমুখী শিক্ষা, যুব সমাজের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা, অমর প্রকাশনীর গ্রন্থ প্রকাশনা উৎসব এবং নজরুল সম্মাননা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার ২১ মে বাংলা একাডেমির আল মাহমুদ কর্ণারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নের এমন সমন্বিত আয়োজনে বিশেষ সম্মাননা অর্জন করেন সফল নারী উদ্যোক্তা ওয়াহিদা বিথী। নারী সৌন্দর্য বর্ধন ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি “নজরুল সম্মাননা-২০২৬” অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অমর প্রকাশনীর গ্রন্থ প্রকাশনা উৎসবে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকাশক ও কবি অমর হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পুরস্কার ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন হাসান আবদুল্লাহ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এরফানুল হক নাহিদ, শাহিন রেজা, ড. মো. সাফিউর রহমান, ড. সাহেদ মন্তাজ, এম এ মান্নান মনির, গোলাম কাদের, মোহাম্মদ ইকবাল হোসেন ভূইঁয়া, মোঃ মোরসালিন হিমু, সরফরাজ হোসেন, খালেদ সাইফুল্লাহ লাইম, জহুরুল আলম জাবেদ, মির্জা এন এইচ রুবেল, ডা. মো. রহমত উল্লাহ পাভেল, শারমিন জিকিরিয়া এবং দেওয়ান মাসুদা সুলতানা। অনুষ্ঠানে শিল্পী, কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশ নেন।
সম্মাননা গ্রহণের পর ওয়াহিদা বিথী নিজের সফলতার গল্প তুলে ধরেন।
তিনি জানান, তিনি Glamour World-এর প্রতিষ্ঠাতা। বর্তমানে ঢাকা মিরপুর, মোহাম্মদপুর ও যশোরে প্রতিষ্ঠানটির তিনটি শাখা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিউটি ও হেয়ার কেয়ার সেবার সঙ্গে যুক্ত আছেন। অনার্স সম্পন্ন করার পর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি ব্যবসাকে বেছে নেন। শুরুটা ছিল শখ থেকে, কিন্তু ধীরে ধীরে বিউটি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমই তাকে প্রতিষ্ঠিত করে তোলে। তিনি সরকারের পাশাপাশি নিজ উদ্যোগে কিছু শিক্ষিত বেকারদের নিয়ে গড়ে তুলেছেন তিনটি প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠান থেকে অনেকেই ট্রেনিং নিয়ে কোর্স কমপ্লিট করে তারাও উদ্যোক্তা হচ্ছেন এবং কর্মসংস্থান করে দিচ্ছেন এটি একটি মাইল ফলক।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিকে আরও আধুনিক, সম্মানজনক ও কর্মবান্ধব খাতে রূপ দিতে চান। পাশাপাশি এই সেক্টরের মাধ্যমে আরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরির স্বপ্নও লালন করছেন তিনি। সৌন্দর্যচর্চাকে তিনি শুধু একটি পেশা নয়, বরং ভালোবাসা, সম্মান ও জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন।
ঢাকানিউজ২৪/মহফ




