ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসেই রাশিয়া থেকে তেল কিনছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ক্ষুব্ধ

সেই রাশিয়া থেকে তেল কিনছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ক্ষুব্ধ

যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে ক্রমাগত নিষেধাজ্ঞার হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার সেই দেশ থেকেই ডিজেল কেনার চুক্তি করেছেন তিনি। আর তার এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ চুক্তিকে ‘একেবারেই ভয়াবহ’ এবং ‘অন্যায্য ও অসৎ’ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, এই চুক্তি রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বাড়াবে।

গত শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প রাশিয়ার সঙ্গে তেলচুক্তির কথা জানান। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমানোকে তিনি এর প্রধান কারণ হিসেবে তুলে ধরেন।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, রাশিয়া অবিলম্বে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে যুক্তরাষ্ট্রকে। নভেম্বরে আরও পাঁচ লাখ টন এবং এর পরপরই আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহের কথা রয়েছে।

এ ছাড়া রাশিয়ার শোধনাগারগুলোর সক্ষমতা অনুযায়ী, অল্প সময়ের মধ্যে আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে ডিজেলের দাম দ্রুত কমবে। বিশেষ করে কৃষক, খামারমালিক ও পণ্য পরিবহন খাতের মানুষের জ্বালানি ব্যয় কমানো তার অগ্রাধিকার।

তেলের দামে বড় ছাড় সৌদি আরবের, কতটা সুবিধা পাবে বাংলাদেশ?
তবে রাশিয়ার সঙ্গে এ চুক্তি ইউক্রেন ও ইউরোপের ন্যাটো মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করতে পারে।

জেলেনস্কির ক্ষোভ, ‘পুতিনের জন্মদিনের উপহার’
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্সাৎকারে জেলেনস্কি বলেন, এ চুক্তি পুতিনের জন্য জন্মদিনের উপহারের মতো দেখাচ্ছে। পুতিনের ৭৪তম জন্মদিন ছিল এ সপ্তাহের শুরুতে।

জেলেনস্কির মতে, যুদ্ধ বন্ধ করার বদলে রাশিয়ার সঙ্গে এমন চুক্তি করা যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য বিনিয়োগের শামিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, এ চুক্তি রাশিয়ার স্বার্থ রক্ষা করবে। এর ফলে মস্কো আরও বেশি মানুষকে হত্যা করতে পারবে, দীর্ঘ সময় যুদ্ধ চালাতে পারবে এবং যুক্তরাষ্ট্রের প্রতি আরও কম শ্রদ্ধা দেখাবে।

শুক্রবার ওয়াশিংটনে ইউক্রেনের দূতাবাসের প্রকাশিত আরেক বিবৃতিতে জেলেনস্কি বলেন, এই চুক্তির আড়াল তৈরি করতে ইউক্রেনীয় আলোচকদের ব্যবহার করা হয়েছে। শক্তিশালী মিত্রদের কাছ থেকে এমন সিদ্ধান্ত তিনি প্রত্যাশা করেননি বলেও মন্তব্য করেন।

ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা ডেমোক্র্যাটদের
রাশিয়ার সঙ্গে তেল চুক্তির সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতারা। তাদের দাবি, এ সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার উদ্যোগকে দুর্বল করবে।

গত মাসে ট্রাম্প এমন একটি আইনে স্বাক্ষর করেছিলেন, যার আওতায় রাশিয়ার ব্যাংক, কর্মকর্তা ও তেলবাহী জাহাজের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রয়েছে। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের ব্যবস্থাও এতে রাখা হয়েছে। তবে আইনে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার ক্ষমতা ট্রাম্পের হাতে রয়েছে।

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমারসহ কয়েকজন নেতা এক বিবৃতিতে বলেন, রাশিয়ার তেল ও গ্যাস কেনা কমানোর লক্ষ্যে কংগ্রেসের নেওয়া উদ্যোগের সঙ্গে এই চুক্তির বিরোধ রয়েছে।

রিপাবলিকান দলের কয়েকজন নেতাও চুক্তিটির সমালোচনা করেছেন। নেব্রাস্কার কংগ্রেস সদস্য ডন বেকন বলেন, পুতিনের যুদ্ধ অর্থনীতিকে শক্তিশালী করা নৈতিকভাবে ভুল। তার অভিযোগ, রাশিয়া ও ইউক্রেন বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতি ব্যর্থ হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular