বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় হাতুড়িপেটায় আহত ব্যবসায়ী আল আমিনের (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
আল আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।
আল আমিনের স্বজনদের দাবি, ‘দেড় বছর ধরে প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হকের সঙ্গে আল আমিনের জমি নিয়ে বিরোধ চলছিল। আল আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা করছিল প্রতিপক্ষরা। এর জের ধরে প্রতিপক্ষরা দুই দফা হামলা করে আল আমিন ও তার পরিবারের ওপর। হামলার ঘটনায় থানায় মামলা করেন আল আমিন। অভিযুক্তরা সম্প্রতি মামলা তুলে নিতে এবং দুই লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য আল আমিনকে চাপ দেয়। এক পর্যায়ে ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনের ওপর হামলা করা হয়। আল আমিনের বাবা আফসার আলীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় আল আমিনের কাছ থেকে এক লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।’
চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে আল আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’ আগের মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে।



