ঢাকা  বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসোনামসজিদ সীমান্তে পাথরের ট্রাক থেকে ৫,৯৩৫ বোতল সিরাপ জব্দ

সোনামসজিদ সীমান্তে পাথরের ট্রাক থেকে ৫,৯৩৫ বোতল সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৮ এপ্রিল রাত ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সোনামসজিদ বিওপি এলাকা থেকে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে, শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে পার্কিংয়ে থাকা একটি ভারতীয় ট্রাকে (নম্বর: WB65-D-8924) তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় ট্রাকভর্তি পাথরের মধ্যে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ পাওয়া যায়। পরে বস্তাগুলো খুলে ৩ হাজার ৮৯৭ বোতল ‘এসকাফ ডিএক্স’ এবং ২ হাজার ৩৮ বোতল ‘ফেয়ারডি’ সিরাপ জব্দ করা হয়।

অভিযানের সময় ট্রাকের চালক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মাদক পরিবহনের অভিযোগে ট্রাকটি পাথরসহ জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা ট্রাক, পাথর ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত তিন মাসে এ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১০ হাজার ৫৩৫ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular