জমি বিরোধে সংঘর্ষ, আহত ৭; ভাঙচুর-লুটপাটের অভিযোগ
মো.ওমর ফারুক, লক্ষ্মীপুর (রায়পুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। হামলার সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় এবং নগদ প্রায় তিন লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহতদের মধ্যে রয়েছেন চরআবাবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বেপারী (৭০) এবং তাঁর ছেলে মোশারফ হোসেন (৪০)। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, নাছির বেপারীর মাথা, মুখ ও পায়ে গুরুতর আঘাত রয়েছে এবং তাঁর শরীরে প্রায় ২০টি সেলাই দিতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আমিন উল্লাহ বেপারীর প্রায় সাড়ে পাঁচ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাছির বেপারী ও তাঁর স্বজন, স্থানীয় বিএনপি নেতা আব্দুস সাত্তার বেপারীর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমির হিসাব নির্ধারণের জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আবেদন করেন নাছির বেপারী।
এ ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে হায়দরগঞ্জ বাজারে নাছির বেপারীর ব্যবসাপ্রতিষ্ঠানে উভয় পক্ষ বৈঠকে বসেন। বৈঠকের একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, এ সময় আব্দুস সাত্তার বেপারী, জোবায়ের, জাকির ও আবদুল আজিজসহ কয়েকজন নাছির বেপারীর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। বাধা দিতে গেলে তাঁর ছেলে মোশারফ হোসেনকেও মারধর করা হয়।
তবে এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”




